জেলা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জনপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধির আলোকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।
প্রতিনিধি/এসএস