জেলা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনে প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আনসার ভিডিপি একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সাধারণত সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে।
মহাপরিচালক বলেন, নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’ এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন কোনো অনিয়ম বা সমস্যা রিপোর্ট করা হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ জন্য সব বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে পার্লামেন্ট ইলেকশনে ১৩ হাজার ৫০০ এর বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি/এসএস