জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সবাইকে নিজ নিজ প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না; বরং সবাইকে যার যার অধিকার বুঝিয়ে দেওয়া হবে। আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেব। সামনে রকেটের গতিতে দেশে উন্নয়ন হবে। যুবকরা সামনে থাকবে, আমরা থাকব পেছনে। তারা রকেটের গতিতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পেছনের ইতিহাস নিয়ে আমরা আর কেউ টানাটানি করব না। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছে; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণরা তা দেখিয়ে দিয়েছে।’
বিচারব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘আজকে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত সবখানে বিচার টাকার বিনিময়ে বিক্রি হয়। তা না হলে কীভাবে ভয়াবহ ঋণখেলাপিরা সংসদ সদস্য পদে টিকে যায়? দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। একজন সাধারণ মানুষ অপরাধ করলে আইনের দৃষ্টিতে যে শাস্তি প্রাপ্য, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অপরাধ করলেও একই শাস্তির বিধান থাকবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, জাতি সেই বিচার দেখার অপেক্ষায় রয়েছে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘একটি দল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু পারে নাই। কেউ চাইলেও চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। তারা মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়নাঘরে বন্দি করে রাখত এবং তাদের ওপর অমানবিক নির্যাতন চালাত।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইউনুস আলী, নাটোর-১ আসনের প্রার্থী মো. আবুল কালাম আজাদ এবং নাটোর-৪ আসনের প্রার্থী মো. আব্দুল হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জামায়াতের আমির নাটোরের তিন প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাদের বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধি/একেবি