জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘‘বিভিন্ন দল একাধিক সময় সবুজ বাংলা বা ডিজিটাল বাংলা বানানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রকৃত অর্থেই ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম দাবি করেন, দেশের একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলনই ইসলামের পক্ষে নির্বাচন করছে এবং শান্তির প্রতীক হিসেবে তাদের ‘হাতপাখা’ বাক্সকেই বেছে নিতে হবে।
মুফতি রেজাউল করিম বলেন, “সঠিক নীতি ও যোগ্য নেতা ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং মানুষ এমনকি একটি পিপীলিকার স্বাধীনতার নিশ্চয়তাও দেয়। এ দেশে অনেক নেতার নীতি আমরা দেখেছি, কিন্তু বাস্তবে মানুষ যা চায় তা আজও পায়নি।”
তিনি আরও বলেন, “মায়ের কোল খালি হওয়া বন্ধ করতে এবং শান্তি বজায় রাখতে হাতপাখা মার্কায় ভোট দিন। যদি দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করতে চান এবং বিদেশে টাকা পাচার রোধ করতে চান, তবে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গত ৫৪ বছরে অনেক দল ক্ষমতায় এলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, যার ফলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছেন না। আমরা আর এমন দুঃশাসন দেখতে চাই না। ইসলামি হুকুমত কায়েম হলে দেশ হবে সমৃদ্ধ ও স্বর্ণের বাংলাদেশ।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন: কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম; দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী; মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা আকবার হোসাইন; মাদারীপুর-২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী; মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি