images

সারাদেশ

নাসিরনগরে বিএনপির ২২ নেতার বহিষ্কার নিয়ে ধূম্রজাল

জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় ২২ নেতাকে বহিষ্কারের একটি আদেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নানের স্বাক্ষরিত একটি বহিষ্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ২২ জনকে বহিষ্কার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বর্তমানে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুল হান্নান, দল থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি (জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি) এ কে এম কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃত) ইকবাল চৌধুরী।

অনুসন্ধানে জানা যায়, গত শুক্রবার উপজেলা বিএনপি সভাপতি ও মনোনীত প্রার্থী মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে জেলা বিএনপির দুই নেতাসহ মোট ২২ জনকে বহিষ্কার করা হয়। আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি খালেদা বেগম অরুনা, নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাই ও মো. শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. গোলাম নূর মেম্বার, সদস্য মো. ইউনুছ মিয়া, মো. ফরহাদ মিয়া, মো. রমজান মিয়া, মো. রাজু আহমেদ ও মো. আবু শ্যামা।

এছাড়াও রয়েছেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর শাহ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বিলাল মিয়া ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আলী আজগর মেম্বার, গোয়ালনগর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, কুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. এমদাদ উল্লাহ এবং ভলাকুট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সামছু তালুকদার।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল হান্নান বলেন, ‘বহিষ্কারাদেশটি আমার স্বাক্ষরিত নয়। কে বা কারা আমার স্বাক্ষর জাল করে এটি করেছে জানি না। নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি, তাই এখন এসব দিকে মনোযোগ দিতে পারছি না। তবে বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামানের পক্ষে কাজ করায় ওই ২২ নেতাকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে আমি সুপারিশ পাঠিয়েছি।’

জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দলীয় প্রার্থী ২২ জনের নামের একটি সুপারিশ তালিকা তাঁর কাছে পাঠিয়েছেন। বিষয়টি তিনি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেছেন।

প্রতিনিধি/একেবি