images

সারাদেশ

বৈষম্যহীন বাংলাদেশে ন্যায়বিচার কায়েম হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না; প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার। সেই ন্যায়বিচারে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি সুন্দর বাগানের মতো দেশ সাজানো হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, তারা এখন ভয় পাচ্ছে। তবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ন্যায়বিচার সবার জন্য সমান। এতদিন তোমাদের জীবন অপমানের ছিল কারণ তোমরা জনগণের সম্পদ চুরি করেছ। এখন আমরা তোমাদের মর্যাদার আসনে বসাতে চাই। তোমরা হবে দেশ গড়ার কারিগর। আমরা যেমন হালাল রুজিতে বাঁচব, তোমরাও তেমনি বাঁচবে।’

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, ‘আপনাদের যে বেতন-ভাতা দেওয়া হয়, তা মোটেও যথেষ্ট নয়। রাষ্ট্রই যেন পরোক্ষভাবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি করতে বাধ্য করছে। যে রাষ্ট্র তার কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত সম্মান দিতে পারে না, সেই রাষ্ট্র তাদের অপরাধের বিচার করার নৈতিক অধিকার রাখে না। আগে তাদের যথাযথ সম্মান ও সুবিধা দিতে হবে, এরপরও যদি কেউ অপরাধ করে তবে তাকে বিচারের আওতায় আনা হবে। এটি আমাদের সবার দেশ; সবাই মিলে গড়ব আগামী দিনের বাংলাদেশ।’

নারীদের মর্যাদা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘কেউ কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে মা-বোনদের গায়ে হাত তোলে। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে হলেও মায়েদের ইজ্জত রক্ষা করব। আমরা মায়েদের শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা সুশিক্ষা পাবে, সম্মানজনক পেশায় যুক্ত হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে। ঘরে, বাইরে ও কর্মস্থলে মায়েরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে কাজ করবেন।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের ভোট দুটি প্রথমে ‘হ্যাঁ’ ভোট, এরপর ‘দাঁড়িপাল্লা’। আগামী ১২ তারিখে আমরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে প্রক্রিয়া শুরু করব। কিছু পক্ষ প্রথমে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করলেও জনস্রোত দেখে এখন তারাও ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে। তাদের এই শুভবুদ্ধির উদয়কে আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই।’’

জেলা জামায়াতের আমির আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ডা. শফিকুর রহমান দলীয় তিন প্রার্থীর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন এবং তাদের বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি/একেবি