জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখনো গেজেট প্রকাশ হয়নি। দ্রুত গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন— জেলা ও দায়রা জজ আদালতের নাজির তরিকুল রহমান, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বাদশা তালুকদার ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিনিধি/টিবি