জেলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জ্বালাময়ী বক্তব্য দিলেন আওয়ামী লীগ নেতা। শেষ করলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। আওয়ামী লীগ নেতার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনের বিএনপিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে এসেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ সমর্থন দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিবচর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুত দেন। তিন মিনিটের বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন। পরে মোবাইলে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওঠে সমালোচনার ঝড়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় উঠান বৈঠকে আরও ছিলেন মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমেস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ অনেকেই।
প্রতিনিধি/এসএস