images

সারাদেশ

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী)আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের প্রার্থিতা বাতিল করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।   

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) দোলনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। ওই আসনের ভোটার জুনায়েদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।

লিভ টু আপিলের আবেদনকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবীর বলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন করে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা সরকারি পরিপত্র এবং সিদ্ধান্তের বিপরীত।

তবে আরিফুর রহমান দোলনের আইনজীবীরা বলছেন, যে গেজেটের দোহাই দিয়ে আরিফুর রহমান দোলনের প্রার্থিতার বিরুদ্ধে আবেদন করা হয়েছে, সেখানে একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি নিষিদ্ধ না হলে তার প্রার্থী হওয়ার অধিকার খর্ব করার সুযোগ নেই।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক না হলে এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করলে কোনো প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার আইনগত ভিত্তি নেই। ব্যক্তি নিষিদ্ধ না হলে তিনি শতভাগ বৈধ প্রার্থী।’

আরিফুর রহমান দোলন নিজেও এই সিদ্ধান্তকে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে লিখিত কপি প্রয়োজন। কিন্তু সেটিও এখন আমাকে দেওয়া হচ্ছে না। আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য পুরো ছকটি সাজিয়ে রাখা হয়েছে।’

এর আগে, প্রার্থিতা বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় ত্রুটির কথা উল্লেখ করে দোলনের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে গত ১৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফেরত পেয়েছিলেন। তবে আপিল বিভাগের এ রায়ের পর আসন্ন নির্বাচনে তার আর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

এএইচ