জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের ১১–দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, রাজনীতিকে ব্যবসা নয়, বরং ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি বন্ধ হবে।
মঙ্গলবার খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদখালী ইউনিয়নের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষ প্রকৃত অর্থে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।
উপকূলীয় ও অবহেলিত এলাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব অঞ্চল দীর্ঘদিন ধরে পরিকল্পিত অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের ঘাটতির কারণে এখানকার মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত।
তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা গেলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার বাস্তব পরিবর্তন সম্ভব।
চাঁদখালী ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আজগার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আরজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও ইউনিট সদস্য প্রভাষক আব্দুল মমিন।
প্রতিনিধি/এআর