images

সারাদেশ

কুমিল্লায় ট্রাকচালক হত্যা মামলার ঘটনায় গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

কুমিলায় ১৫ জানুয়ারি আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে ৪০ লাখ টাকার চিনি ছিনতাই করে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারীদের একটি দল। এ ঘটনায় জেলা ডিবির ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি সামসুল আলম শাহ জানান, চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আকিজ কোম্পানির ৪০ লাখ টাকা মূল্যের ২৭ মেট্রিক টন চিনি (চট্ট-মেট্রো-শ-১১-০৬৫৫) ট্রাকে বোঝাই করে চালক আলাউদ্দিন (৩১) গত ১৫ জানুয়ারি গাজীপুরের উদ্দেশে রওনা করেন। ১৭ জানুয়ারি খালি গাড়িসহ চালক আলাউদ্দিনের লাশ কুমিল্লার মনোহরগঞ্জ থানার কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক সড়কের বিপুলা সারের বড় কাছি এলাকা থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার চালক আলাউদ্দিন ভোলা জেলার লালমোহন থানার রায়চাঁদ গ্রামের পলান মিয়ার ছেলে।

এ ঘটনায় গাড়ির মালিক নাজমুল হোসেন (২৯) বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

‘মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না’

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশ ও মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে। ডিবির ওসি শামসুল আলম শাহের পুলিশের একটি দল গত দুদিন ধরে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় পুলিশ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। পুলিশ ছিনতাইকারীদের লুট করা প্রতি বস্তায় ৫০ কেজি করে ৯৯ বস্তা চিনি উদ্ধার করে।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন-নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামের নূর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার হারুয়ালছড়ি গ্রামের মিন্টু বড়ুয়া (৩৬),কুমিল্লার চৌদ্দগ্রামের আল করা গ্রামের শাহাদাত হোসেন রকি (২৬), একই থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ বাবলু (৩৯) ও ফেনীর সদর থানার ইজ্জতপুর গ্রামের আমিনুল ইসলাম (৫৫)। গ্রেফতারকৃতদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস