images

সারাদেশ

কুমিল্লা-১১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও কোটি টাকার সরকারি গ্যাস চুরি এবং একাধিক মামলা থাকা সত্ত্বেও মনোনয়ন হলফনামায় এসব তথ্য গোপনের অভিযোগ উঠেছে।

গত ৩ জানুয়ারি কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত  ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন এই অভিযোগ করেন।

অভিযোগে মনির হোসেন বলেন, কামরুল হুদা তার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের গ্যাস মিটারে একাধিকবার অবৈধ হস্তক্ষেপ (মিটার টেম্পারিং) করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস চুরি করেন। তার সর্বমোট ১১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ১০ টাকা সরকারি বকেয়া রয়েছে। এছাড়া তিনি হলফনামায় ফৌজদারি মামলার তথ্যও গোপন করেছেন বলে অভিযোগ করা হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম থানার মামলা নম্বর–০৯ (তারিখ ০৭/০২/২০১৮), জিআর নম্বর–৪৩/১৮ এবং স্পেশাল ট্রাইবুনাল মামলা নম্বর–৫০/২০২০ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। ওই মামলায় কামরুল হুদা ২০ নম্বর আসামি ছিলেন।

অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ঘোষিত পরিপত্র নম্বর–০৭ এর ৩(খ) এবং পরিপত্র নম্বর–০৬ এর প্যারা–২ অনুযায়ী সরকারি সেবা প্রতিষ্ঠানের নিকট বকেয়া বিলসংক্রান্ত তথ্য হলফনামায় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রার্থী তা ইচ্ছাকৃতভাবে গোপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সূত্রে জানা  জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে অবস্থিত মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের বিরুদ্ধে চার দফায় গ্যাস মিটার টেম্পারিংয়ের ঘটনা প্রমাণিত হয়েছে। এসব অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় গ্যাস আত্মসাৎ করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধাপে ধাপে বিপুল অঙ্কের বকেয়া নির্ধারণ করা হয়।

২০০৮ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠানটিকে সিএনজি ও ক্যাপটিভ উভয় খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় যেখানে অনুমোদিত লোড ছিল সিএনজি খাতে ঘণ্টায় ৬২৫ ঘনমিটার ও ক্যাপটিভ খাতে ঘণ্টায় ৪৭ ঘনমিটার। কিন্তু সংযোগ পাওয়ার পর থেকেই চার দফায় মিটার টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ে। ২০০৯ সালের ১৫ জুন প্রথম দফায় সিএনজি ও ক্যাপটিভ উভয় মিটারে অবৈধ হস্তক্ষেপ প্রমাণিত হলে ৯৫ লাখ ১২ হাজার ৭৪৬ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ২০১০ সালের ২৭ অক্টোবর দ্বিতীয় দফায় সিএনজি মিটার নষ্ট অবস্থায় পাওয়া গেলে ৭৬ লাখ ৭১ হাজার ৭২৩ টাকা বকেয়া নির্ধারণ হয় যা পরিশোধ করা হয়। আবার ২০১৬ সালের ২৮ আগস্ট তৃতীয় দফায় মিটার পরিবর্তনের সময় পুনরায় টেম্পারিং ধরা পড়ে এবং এতে ৫ কোটি ৪০ লাখ ৪২ হাজার ২১৯ টাকা বকেয়া নিরূপণ করা হয়। একই বছরের ২৯ অক্টোবর চতুর্থ দফায় আবারও মিটার টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এ বাবদ ৫ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ফলে তৃতীয় ও চতুর্থ দফা মিলিয়ে বকেয়া দাঁড়ায় ১০ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ২৬৪ টাকা এবং সব মিলিয়ে বর্তমানে পাওনা ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

আরও পড়ুন

একই সময় ও স্থানে কর্মসূচিতে নিষেধাজ্ঞা, নুর-মামুনকে চিঠি

ডিজিটাল উন্নয়নের নামে আ.লীগ ১৭ বছর ডিজিটাল চুরি চালিয়েছে: পার্থ

বকেয়া পরিশোধ এড়িয়ে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি পদক্ষেপ নেয়। ২০১৬ সালে বিইআরসি-তে বিরোধ নিষ্পত্তি আবেদন নম্বর–৪৪/২০১৬ দায়ের করা হলে ২০১৮ সালের ২৭ মে কমিশন মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করে। পরে গ্রাহক হাইকোর্টে রিট পিটিশন নম্বর–১১১৫৮/২০১৮ দায়ের করলে ২০২২ সালের ১ ডিসেম্বর আংশিক বিল পরিশোধ সাপেক্ষে সংযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এতে আপত্তি জানিয়ে বাখরাবাদ আপিল বিভাগে সিভিল আপিল নম্বর–১১৪/২০২৩ দায়ের করে যা বর্তমানে বিচারাধীন। একই সঙ্গে গ্রাহক পরিশোধিত অর্থ ফেরতের দাবিতে বিইআরসি-তে নতুন করে বিরোধ নিষ্পত্তি আবেদন নম্বর–১১/২০২৪ দায়ের করেছে।

সূত্রমতে, ২০০৯ সালে প্রথম দফায় ৯৫ লাখ টাকা, ২০১০ সালে দ্বিতীয় দফায় ৭৬ লাখ টাকা (পরিশোধিত), ২০১৬ সালে তৃতীয় ও চতুর্থ দফায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ এবং ৫ কোটি ৪৭ লাখ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। সব মিলিয়ে বর্তমানে সরকারি পাওনা দাঁড়িয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি কৌশল অবলম্বন করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করলেও বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার সুযোগে এখনো স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।

সরকারি প্রতিষ্ঠানগুলোর নিকট বকেয়া বিল ও চলমান মামলার তথ্য মনোনয়ন হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক হলেও প্রার্থী কামরুল হুদা তা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শুধু মিয়া বাজার সিএনজি নয়—তার যৌথ মালিকানাধীন বাংলা গ্যাস, স্বজন সিএনজি, সাবুরিয়া সিএনজির বিরুদ্ধেও রাষ্ট্রীয় গ্যাস আত্মসাতের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হুদা বলেন, এ বিষয়ে আমি ইতোমধ্যে আমার ব্যাখ্যা দিয়েছি। এটা একটা চলমান মামলা। হাইকোর্টে আমাদের পক্ষে রায় আছে। বিষয়টি আদালতেই ফয়সালা হবে।

টিবি