জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন তুলেছেন।
তিনি অভিযোগ করেছেন, বিএনপির দেওয়া মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে অন্তত ১৫ জন ঋণখেলাপি, যারা ব্যাংক থেকে নেওয়া জনগণের অর্থ ফেরত দেননি।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ওই ১৫ জন ব্যক্তি ব্যাংক থেকে নেওয়া অর্থ, জনগণের টাকা, আর ভয়ংকর বিষয় হলো - তারা সবাই মিলে প্রায় ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা এখনও এমপি হয়নি, ক্ষমতায় যায়নি, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই এত টাকা লুট করে, তাহলে নির্বাচনের পর তাদের দিয়ে কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান?
তিনি আরও বলেন, এটা নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।
বিএনপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, চার দিন আগে শেরপুরে উপজেলা জামায়াতের এক নেতাকে বিএনপির কর্মীরা প্রকাশ্যে হত্যা করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছেন। এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিজেদের কর্মীদের মধ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।
সভায় তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। কামড়াকামড়ির রাজনীতিও করতে আসিনি। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি।
তিনি আশ্বাস দিয়ে বলেন, এই আসনে কেউ যদি ধানের শীষে ভোট দেন এবং শাপলা কলি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে কেউ তাদের দ্বারা কোনো অন্যায়ের শিকার হবেন না। দলের কোনো নেতা-কর্মী কারও সঙ্গে খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিনিধি/এসএস