জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
দেশ শাসনে পরিবারতন্ত্র ভাঙতে শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা দেখেছি, গত ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। এই পরিবারতন্ত্র ভাঙতে হলে ১২ ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি নেতা সারজিস আলমের নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে বিজয়ী করতে হবে। শাপলা কলিতে ভোট দিলে পঞ্চগড়ে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, শাপলা কলিতে ভোট দিলে চাকরির জন্য ঘুষ দিতে হবে না, মামা-দাদার পরিচয়ের প্রয়োজন হবে না। প্রত্যেক ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য দূরে যেতে গিয়ে যাতে আর কেউ প্রাণ না হারায়, সে ব্যবস্থাও করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ— এমন প্রত্যাশা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বিগত তিনটি নির্বাচনে অনেক ভোটার সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। কেউ কেন্দ্রে গিয়ে দেখেছেন তার ভোট আগেই দেওয়া হয়েছে, আবার কেউ ঝামেলার কারণে ভোট না দিয়েই ফিরে গেছেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার শুধু ভোট দিতে চাইলেই হবে না। ফজরের নামাজের পর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোট নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিবেশীদের ভোট নিশ্চিত করেও ঘরে ফিরতে হবে।
একদিনের পরিশ্রম পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে, এই কথাটি মনে রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা।
প্রতিনিধি/টিবি