উপজেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা দস্যুতার রাজনীতি বন্ধ করতে এসেছি। আমরা হাতিয়া থেকে সন্ত্রাস, চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে এসেছি। আমাদের ওপর হামলা করে, ভয় দেখিয়ে লাভ নেই। ফ্যামিলি কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে লাভ নেই। শাপলা কলির যে গণ-জোয়ার শুরু হয়েছে- তা কেউ ঠেকাতে পারবে না।
সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক বিক্ষোভ মিছিল শেষে উপজেলা শহর জিরো পয়েন্টে দাঁড়িয়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শাপলা কলির গণ-জোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গত কয়েকদিন ধরে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। শিক্ষক মহিব্বুর রহমানসহ কয়েকজনকে ওরা কুপিয়েছে। প্রশাসন সন্ত্রাসীদের ধরছে না।
তিনি আরও বলেন, আপনারা পাশে থাকুন, আমরা হাতিয়ার উন্নয়ন করব। প্রশাসন প্রশাসনের কাজ করুক, আর আমরা আমাদের কাজ করব। ভোট কেন্দ্রে সবাই প্রস্তুত থাকবেন।

এসময় অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, জামায়াত সমর্থিত পৌরসভা মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর, পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের প্রায় দুই সহস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস