images

সারাদেশ

জামায়াত নারীদের ঘরবন্দি করে কর্মসংস্থান বন্ধ করতে চায়: ড. শেখ ফরিদ

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের বিএনপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘জামায়াত চায় না নারীর হাতে রাষ্ট্রক্ষমতা থাকুক। তারা নারীদের ঘরবন্দি করে রেখে তাদের শিক্ষা ও কর্মসংস্থানের পথ বন্ধ করতে চায়।’

তিনি বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৫২ শতাংশই নারী। এই বিপুল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন থমকে যাবে এবং দেশ পিছিয়ে পড়বে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘ধানের শীষের’ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার ড. শেখ ফরিদ বলেন, ‘বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। আমরা চাই নারীরা পুরুষের সমান সুযোগ-সুবিধা ও কর্মসংস্থান পাক। নারীরা ঘরে বসে নয়, দেশের উন্নয়নের মূল স্রোতে যুক্ত থাকবে এটাই বিএনপির রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’

সংখ্যালঘু ও ভোটারদের নিরাপত্তা জনসভায় ড. শেখ ফরিদ সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, ‘সংখ্যালঘু পরিচয়ে ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে আসতে না দেওয়ার যে রাজনীতি চলছে, তা বন্ধ করতে হবে। এই দেশ সবার, ভোটাধিকারও সবার।’

তিনি আরও বলেন, ‘জনগণই বিএনপির মূল শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র, অন্যায় ও মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

উপস্থিত নেতৃবৃন্দ মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং হাওলাদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মোজফ্ফর রহমান আলম; উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু; রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম; ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা; বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার; উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া ও সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু।

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রতিনিধি/একেবি