images

সারাদেশ

আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে নই: পার্থ

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ এএম

আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে ভোলা-১ আসনের বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে নই। আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে যেকোনো দল করার, আমরা আপনাদের ওপর কোনো অত্যাচার করব না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ভোলাবাসীকে নিয়ে একটি ‘মানবিক ভোলা’ গড়ার আশ্বাস দিয়ে ব্যারিস্টার পার্থ বলেন, ‘নির্বাচিত হলে ভোলার উন্নয়ন ও মাদক নির্মূলে একটি অরাজনৈতিক উপদেষ্টা কমিটি গঠন করব। এই কমিটির মাধ্যমে ভোলার বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করা হবে।’

ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘২০০৮ সালে বাবার মৃত্যুর পর আমার জীবনটা যখন পালহীন নৌকার মতো হয়ে গিয়েছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আস্থা রেখে আমাকে রাজনীতিতে জায়গা দেন এবং ভোলা-১ আসনে নির্বাচন করার সুযোগ করে দেন। সে সময় এই ভোলাবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। এজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।’

ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, ‘আপনারা আপনাদের মূল্যবান ভোট ভেবে-চিন্তে দেবেন। কে ভোলার জন্য সত্যিকার উন্নয়ন করতে পারবে, তাকেই ভোট দিন। আমাকে নির্বাচিত করলে আপনারা ঠকবেন না। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও নদী ভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে কাজ করব।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ; সদস্য সচিব রাইসুল আলম; জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন; সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

প্রতিনিধি/একেবি