জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোট মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘অতীতে কোনো সরকারই মনে করত না যে ভারতের তোয়াজ না করে ক্ষমতায় থাকা সম্ভব। কিন্তু আমরা বিশ্বাস করি, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে মাথা উঁচু করে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে ইনশাআল্লাহ দেশে গুণগত পরিবর্তন আসবে। আমরা ভারতের কাছে মাথা নত করব না; দুর্নীতি হতে দেব না এবং দেশের স্বাধীনতাও বিক্রি হতে দেব না।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী সমমনা দল, বীর মুক্তিযোদ্ধাদের দল ও জুলাই বিপ্লবের চেতনার দলগুলোর সমন্বয়েই গঠিত হয়েছে ‘১১ দলীয় জোট’। এই জোট ক্ষমতায় গেলে বিগত সরকারগুলোর সঙ্গে আমাদের প্রধান পার্থক্য হবে আমরা প্রথমেই দুর্নীতি বন্ধ করব। দেশে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। এমনকি আমার নিজের দলের কেউ যদি অন্যায় করে, তবে তাকেও শাস্তির আওতায় আনা হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কেউ পার পাবে না।
জামায়াত নেতা ডা. তাহের আরও বলেন, ‘এবারের নির্বাচনটি কেবল সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ৫৪ বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি প্রধান দল রাষ্ট্র পরিচালনা করেছে যাদের নাম ভিন্ন হলেও চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রায় একই। তাদের সবার আমলেই দুর্নীতি, খুন, রাহাজানি, দখলদারিত্ব ও চাঁদাবাজি হয়েছে। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে দলগুলোর মধ্যে অদ্ভুত মিল লক্ষ করা গেছে। তবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে আমরা যদি নতুন কোনো শক্তিকে ক্ষমতায় আনতে পারি, তবে দীর্ঘ ৫৪ বছরের দুর্নীতির ধারা আমূল বদলে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মানুষের মন জয় করে বিজয়ী হতে চাই। একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা আল্লাহর সাহায্য কামনা করছি। আমরা চাই বাংলাদেশে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতে। এজন্য দলমত নির্বিশেষে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচিত হলে এলাকায় কোনো কাঁচা রাস্তা রাখা হবে না। ইতোমধ্যে চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাস হয়েছে। আমরা এখন একটি ঐতিহাসিক বিজয়ের অপেক্ষায় আছি।’
সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্রে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম মিয়াজীসহ আরও অনেকে। এ সময় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি