জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ ফাবিয়া আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার হাবিব মেডিকেল সেন্টার ওই প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, ওই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়।
নিহত ফাবিয়া আক্তার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাহিদের স্ত্রী। নাহিদ ঢাকায় রাজমিস্ত্রি কাজ করেন।
নিহতের স্বজনরা জানায়, সকালে প্রসবের ব্যথা দেখা দিলে ফাবিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলে নিহতের স্বজনরা হাবিব মেডিকেলে ভাঙচুর চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে হাবিব মেডিকেল সেন্টারের কর্মচারী রাজিব সাংবাদিকদের জানান, রোগীর অবস্থা আগে থেকেই গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি।
প্রতিনিধি/একেবি