images

সারাদেশ

বারির নতুন মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মুহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশের মাধ্যমে তাকে বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পদে দায়িত্ব পালন ও পদোন্নতি লাভ করেন।

শিক্ষা ও ব্যক্তিগত জীবন
তিনি ২০০৫ সালে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে তিনি নেপাল, ভারত, ভুটান, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রথিতযশা সায়েন্টিফিক জার্নালে তার অসংখ্য বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. রহমান ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

প্রতিনিধি/একেবি