জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
যশোরে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি দল ৫ আগস্টের পর থেকে মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি রাখতে চাচ্ছে। তারা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা মানুষকে এমন অসৎ প্রস্তাব দেয়, তারা কীভাবে ‘সৎ লোকের শাসন’ কায়েম করবে?’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে জানিয়েছেন ক্ষমতায় গেলে তারা নারীদের কোন চোখে দেখবেন। অথচ গতরাতেই সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে দেশবাসীকে ভালো কিছু দিতে পারবে না। তাদের আসল চরিত্র ধরা পড়ে যাওয়ায় এখন তারা ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার মতো জলজ্যান্ত মিথ্যার আশ্রয় নিচ্ছে।’
নারীদের উন্নয়ন ও অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নারীদের শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি মা-বোনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।’
নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘বিগত সরকারের মতো ‘আমি-ডামি’ আর ‘নিশিরাতের ভোট’ করে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে বর্তমান নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে। ভোট গণনার নামে কেউ যেন কোনো অনৈতিক সুযোগ নিতে না পারে, সে জন্য তাদের প্রতিহত করতে হবে।’
আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত উল্লাসী খালসহ এই অঞ্চলের সব খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। এছাড়া যশোরের ফুল বিদেশে রপ্তানির উদ্যোগ এবং এ অঞ্চলের চিনিশিল্পগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী প্রদান করা হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষকে সাথে নিয়েই আমরা সমৃদ্ধ দেশ গড়ব।’
জনসভায় বক্তৃতার এক পর্যায়ে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ‘ধানের শীষ’ প্রতীক তুলে দেন তারেক রহমান এবং তাঁদের বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে সকাল থেকেই রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। দুপুর সাড়ে ১২টার মধ্যেই পুরো সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের নেতাকর্মীদের মাঝে এদিন অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রতিনিধি/একেবি