images

সারাদেশ

নুরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের প্রার্থী নুরুল হক নূরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দশমিনা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও বর্তমান স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলীম তালুকদার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর এবং তার নেতাকর্মী ও সমর্থকেরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।

প্রচারণায় অনিয়ম: ট্রাক প্রতীকের প্রচারণায় রঙিন বিলবোর্ড ও ফেস্টুন ব্যবহার এবং উচ্চশব্দে মাইক বাজানো হচ্ছে।

মহড়া ও শোডাউন: বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ রাতের বেলা মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ তোলা হয়েছে।

সহিংসতা ও উসকানি: নির্বাচনি জনসভায় স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, নির্বাচনি অফিস ভাঙচুর এবং সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

সরকারি কর্মকর্তার অংশগ্রহণ: নুরুল হক নুরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজনসহকারী শিক্ষিকা হওয়া সত্ত্বেও নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও দশমিনা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। এতে করে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, এসব অনিয়মের কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। তাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

re

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হাওলাদারসহ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা।

প্রতিনিধি/একেবি