জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
কক্সবাজারে প্রাইভেটকার থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের অধীন রেজুখাল চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, ৩৪ বিজিবির অধীন রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত তল্লাশি দল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। সকাল ৭টার দিকে বিজিবি–১০৮৩ ডগ ইউনিট এবং বিজিবির সহায়তায় পরিচালিত তল্লাশিতে গাড়িটির ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এ সময় প্রাইভেটকারে থাকা টেকনাফ উপজেলার আলীর ডেইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফেরদৌসকে (৩০) আটক করা হয়। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস