জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
পঞ্চগড় শহরে চুরির উদ্দেশ্যে একটি বসতবাড়িতে ঢোকার সময় শাকিল ইসলাম (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে পঞ্চগড় আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়াল আদালতের বিজ্ঞ বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলী এ দণ্ডাদেশ দেন।
এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ডোকরোপাড়া এলাকা থেকে তাকে আটক করে পঞ্চগড় সদর থানার পুলিশ। দন্ডপ্রাপ্ত শাকিল ইসলাম পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে চুরির উদ্দেশ্য বাউন্ডারি দেয়াল টপকে ভেতরে ঢুকে শাকিল ইসলাম। এসময় বাড়ির মালিক রেজাউলসহ স্থানীয়রা হাতনাতে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলকে আটক করে থানায় নিয়ে যায়।
রোববার শাকিলকে পঞ্চগড় আদালতে সোপর্দ করা হয় এবং সামারি ট্রায়াল আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলী শুনানি শেষে আসামি শাকিলকে তিন মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চগড় সদর থানা এলাকায় মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ক.ম/