images

সারাদেশ

একই সময় ও স্থানে কর্মসূচিতে নিষেধাজ্ঞা, নুর-মামুনকে চিঠি

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

পটুয়াখালী-৩ সংসদীয় আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একই তারিখ, একই স্থান কিংবা কাছাকাছি সময়ে নির্বাচনি কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে (ঘোড়া প্রতীক) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৬ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসারের পাঠানো চিঠিতে বলা হয়, পুলিশ সুপার (বিশেষ শাখা) ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদনে দেখা গেছে, আগামী ৩১ জানুয়ারিসহ একাধিক তারিখে দুই প্রার্থী একই এলাকা বা কাছাকাছি স্থানে, একই সময় বা কাছাকাছি সময়ে প্রচারণা ও জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। এতে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে সফরসূচি দাখিল করার বিধান থাকলেও উভয় প্রার্থী নির্ধারিত সময়ের পরে কর্মসূচি জমা দিয়েছেন এবং অনুমোদন ছাড়াই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন

নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিজিবি মোতায়েন, টহল শুরু

এর আগে, দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাক ও ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে নির্বাচনি মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হয়েছে।

রিটার্নিং অফিসার উভয় প্রার্থীকে ভিন্ন তারিখ, ভিন্ন স্থান ও ভিন্ন সময়ে অনুমোদন সাপেক্ষে কর্মসূচি ঘোষণার নির্দেশ দিয়ে বলেন, নির্দেশনা অমান্য করলে আচরণ বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস