জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
পে-কমিশনের সুপারিশ করা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ পালন করেন তারা।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ে বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ঘুরে পুণরায় বিভাগীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ের কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি অর্থ খরচ করে পে-কমিশন গঠন করা হলেও তাদের সুপারিশ করা পে-স্কেল বাস্তবায়নে অপারগতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর পে-স্কেল ঘোষণার কথা থাকলেও দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল ঘোষণা করেনি কোনো সরকার। অনতিবিলম্বে ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন করা না হলে সরকারি কর্মচারী কর্তৃক আসন্ন সংসদ নির্বাচনের দায়িত্ব পালনসহ সকল সরকারি কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানান বক্তারা।
এসময় রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লালমনিরহাট বিভাগের সভাপতি আব্দুল মতিন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের কেন্দীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, বিআরইএল সভাপতি রেনায়েল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রতিনিধি/টিবি