জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
রাজশাহীতে বিভিন্ন পেশার অবহেলিত শীতার্ত মানুষের বাড়ি বাড়ি শীতবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।
মাসব্যাপী এ কর্মসূচিতে জেলার পবা ও মোহনপুরসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার অবহেলিত প্রতিবন্ধী, এতিম, বিধবা, দিনমজুর, শ্রমিক, ভ্যানচালক, মসজিদের মুয়াজ্জিন ও কৃষকদের হাতে এসব শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এছাড়া একটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় শীতবস্ত্র উপহার দেয় সংগঠনটি।
রাজশাহী জেলা পরিষদ এবং সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের সহযোগিতায় মাসব্যাপী এ কর্মসূচি গত ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হয়েছে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে।

কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য সোহানুর রহমান, সাবেক বিডিআর সদস্য আইনাল হকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বিভিন্ন এলাকায় প্রকৃত শীতার্ত ও সুবিধা বঞ্চিতরা শীতবস্ত্র পাচ্ছিলেন না বলে খবর পাচ্ছিলাম। এরপর প্রতি বছরের ধারবাহিকতায় সরেজমিনে সে মোতাবেক আমরা বিভিন্ন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দিয়েছি। আগামীতেও আমাদের জনবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/টিবি