জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম
ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামে শ্যালো ইঞ্জিনচালিত টমটমের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক কিশোর।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের নাজির রোডের টিকটক গলির নুর নাহার মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিহত মাসুদের মা সুমি আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রাতেই এজহারভুক্ত এমরান হোসেন প্রকাশ মারুফ (২০) ও রাইমান ইসলাম রায়াতকে (১৮) গ্রেফতার করে। এরপর শনিবার (৩১ জানুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে রায়াত ঘটনায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মামলার এজহার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন পাড়া মহল্লায় কিশোরগ্যাং সদস্যদের তৎপরতায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে ওই এলাকার অস্থায়ী বাসিন্দা মাসুদ টমটম নিয়ে রাস্তায় বের হলে নাজির রোডের টিকটক গলিতে মাসুদ ও মো. ইফরান হোসেন ইয়াফিকে (১৯) ছুরি দিয়ে কুপিয়ে আহত করে মারুফ ও রায়াতসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় মাসুদ ও ইফরানকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করে এবং ইফরানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত মাসুদ কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের বড় ছেলে। তারা বাবা-ছেলে ফেনী শহরের একটি বরফকলে চাকরি করার পাশাপাশি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অপরদিকে, গ্রেফতার মারুফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং রায়াত বাগেরহাট জেলার কচুয়া গ্রামের আবদুল রহিমের ছেলে। তারা দুইজনই দীর্ঘদিন ধরে ফেনী শহরে বসবাস করে আসছিলেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, রাতেই ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের মাঝে রায়াত নামের একজন আদালতে ঘটনায় সম্পৃক্ত ছিলেন মর্মে স্বীকারোক্তি দিয়েছেন।
নিহতের ছোট ভাই অভিযোগ করে জানান, কিশোর গ্যাং সদস্য ইয়াফি, রাহাত, শান্ত, মারুফ ও নিলয় তার ভাইকে হত্যা করেছে। এর আগেও তারা একবার তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল বলে দাবি করেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।
প্রতিনিধি/টিবি