Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় দুইজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।

বাহিনীটির সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত হয় অভিযানেটি।

আরও পড়ুন

বান্দরবানে খেলতে গিয়ে কুড়িয়ে পেল পুলিশের লুট হওয়া গ্রেনেড

এ সময় গ্রেফতার হয়, নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। তারা দুজনই যশলদিয়া এলাকার কান্দিপাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

অভিযানকালে অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ মডেলের একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হিরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল,আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

71183aca-8a90-45a4-b036-b3abd258bcf0

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তারা এলাকার চিহ্নিত শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত। অভিযানের পর গ্রেফতার ব্যক্তিরা ও উদ্ধার করা মালামালসহ আইনগত প্রক্রিয়ার জন্য পদ্মা সেতুর উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন,পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন। 

তিনি জানান, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস