জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।
তল্লাশিকালে দেখা যায়, ট্রাকটিতে থাকা ধানের তুষভর্তি বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ পেইন কিলার ওষুধ লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এ পণ্যগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। অবৈধভাবে আনা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
প্রতিনিধি/ এজে