images

সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ২ ফেরি বিকল, পারাপার ব্যাহত

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন ধরে বিকল হয়ে আছে ২টি ফেরি। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। 

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি ‘কস্তুরি’ ও ‘কলমি লতা’ হঠাৎ বিকল হয়ে যায়। এতে চারটি ফেরির মধ্যে দুটি অচল হয়ে পড়ায় যানবাহন পারাপার কার্যক্রম অর্ধেকে নেমে আসে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট ও চাঁদপুর প্রান্তে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে অপেক্ষা করতে দেখা যায়। পণ্যবাহী যানবাহন আটকে থাকায় সময় মতো পণ্য পৌঁছাতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

নরসিংহপুর ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট রাসেল হোসেন জানান, শরীয়তপুর–চাঁদপুর রুটে চলাচলরত চারটি ফেরির মধ্যে দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে পারাপারে চাপ বেড়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে।

আরও পড়ুন: ‘প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে’

বিআইডব্লিউটিসি আরও জানায়, পরিস্থিতি সামাল দিতে ভোলা ফেরিঘাট থেকে ‘কাবেরী’ নামের একটি অতিরিক্ত ফেরি শরীয়তপুর–চাঁদপুর ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। তবে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

ভুক্তভোগী যাত্রী ও চালকরা অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ এ নৌরুটে প্রায়ই ফেরি বিকল হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও পর্যাপ্ত ফেরি না থাকাই এ দুর্ভোগের মূল কারণ বলে তারা মনে করেন। দ্রুত স্থায়ী সমাধানের দাবিও জানান তারা।

প্রতিনিধি/ এজে