জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।
এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী।
প্রতিনিধি/এসএস