images

সারাদেশ

জামায়াতে ইসলামী পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাই করেনি, ইতিহাস বলছে তারা ১৯৪৭ সালেও পাকিস্তানের বিরোধিতা করেছিল। অর্থাৎ তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই এই ইতিহাস জানেন না, তবে বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যে দল বাংলাদেশ রাষ্ট্রটির অস্তিত্বেই বিশ্বাস করেনি, তারা এই দেশকে কীভাবে নিরাপদ রাখবে? তারা ক্ষমতায় গেলে এ দেশের মানুষ কি ভালো থাকবে?’ এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

তিনি আরও বলেন, ‘যে দল অতীতে বাংলাদেশের অভ্যুদয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনও সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি, তাদের সমর্থন করা যায় না। আমরা বারবার বলছি যারা বাংলাদেশের স্বার্থের ক্ষতি করেছে, তাদের কখনোই ভোট দেওয়া উচিত নয়।’

স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো এলাকা তখনই উন্নত হয়, যখন সেখানে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব সঠিক হলে উন্নয়ন অবশ্যই আসবে।’

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রতিনিধি/একেবি