images

জাতীয় / সারাদেশ

নির্বাচনে সামান্য ভুল তথ্য বড় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হারুন জামিল

জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। তিনি বলেন, নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল সময়, যেখানে সামান্য ভুল তথ্যও জনমনে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নীলফামারীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথমদিন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

হারুন জামিল তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, বর্তমান যুগে তরুণ প্রজন্ম প্রিন্ট মিডিয়া থেকে দূরে সরে গিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় ব্যয় করছে। এই পরিবর্তনের ফলে অনলাইন গণমাধ্যমে নির্ভরযোগ্য এবং সময়োপযোগী কনটেন্ট তৈরি করা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতাই একজন সংবাদকর্মীর মূল শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের প্রধান দায়িত্ব।’

পিআইবি আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনের আচরণবিধি, নীতিমালা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের সময় পালনীয় নিরাপত্তা ও সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সংবাদপত্রের ইতিহাস, বিবর্তন এবং গণভোটের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কেও সাংবাদিকদের ধারণা দেওয়া হয়।

harun-jamil

কর্মশালায় স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম।

এ ছাড়াও নীলফামারী জেলার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই প্রশিক্ষণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেন।

প্রতিনিধি/একেবি