জেলা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে এবং মিটিং–মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
তিনি বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেটি দেখার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রতিবাদ জানানোর ভাষা অবশ্যই প্রতিবাদের মতো হতে হবে, কিন্তু তা কোনোভাবেই উশৃঙ্খলতায় রূপ নিতে পারে না। কেউ যদি এসব ঘটনাকে ব্যবহার করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চায় বা রাজনৈতিকভাবে মাঠ উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে বিএনপি স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিচ্ছে— জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, কেউ কেউ দাবি করে বিএনপির পরিকল্পনা নাকি অবাস্তব। অথচ বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিএনপি জানে কীভাবে জনগণের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা নিয়েই দল এগিয়ে যাচ্ছে।
বিএনপির নেতা বলেন, কোনো দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই তারা ইসলাম হয়ে যায় না। যদি তাই হতো, তাহলে যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত। এ ধরনের ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এসব কৌশল ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
সালাহউদ্দিন বলেন, জামায়াত যদি দেশের মানুষের জন্য তাদের সুস্পষ্ট পরিকল্পনা বা ইশতেহার দিত এবং জনগণ তা পছন্দ করত, তাহলে জনগণ তাদের ভোট দিত। এটিই রাজনীতি এবং এটিই গণতন্ত্রের চর্চা। কিন্তু তারা তা না করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
সভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন— চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে