images

সারাদেশ

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভুঁইয়ার ঘোড়া প্রতীকের প্রচারণা চলাকালে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নির্বাচনি এলাকার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত মনজুরুল হক, আব্দুল মুতালিব, মাহমুদুল হাসান পলাশ, শামসুল হুদা বাচ্চু ও কমল মিয়াসহ অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে অন্তত অর্ধশত সমর্থক মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলার জল্লী গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা বিষয়টি জানতে পেরে ১০-১৫টি মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ছুটে যান। প্রথমে তাদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং পরে একপর্যায়ে ধানের শীষের কর্মীরা ঘোড়া প্রতীকের কর্মীদের ওপর হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসানের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

এ বিষয়ে স্থানীয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন সদ্য বহিষ্কৃত কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

প্রতিনিধি/এসএস