Dhaka Mail Logo

সারাদেশ

‘নির্বাচিত সরকার আসলে কিবরিয়া হত্যা মামলার নতুন চার্জশিট হবে’

জেলা প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার নতুন চার্জশিট তৈরি করা হবে বলে জানিয়েছেন তার সন্তান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।

মুঠোফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ হত্যা মামলা নিয়ে প্রতারণা করেছে। ইন্টেরিম বিদায়ের পর নির্বাচিত সরকার আসলে এ হত্যা মামলার নতুন চার্জশিট প্রস্তুত করা হবে এবং প্রকৃত খুনিরা বিচারের আওতায় আসবে।

এদিকে, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) শাহ এএমএস কিবরিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে স্থাপিত শহীদ কিবরিয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় আরডি হলে শিশু-কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বেলা ১১টায় একই স্থানে শহীদ কিবরিয়ার জীবন, কর্ম ও অবদানের মূল্যায়নভিত্তিক স্মরণসভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ।

আরও পড়ুন

ধানের শীষে ভোট দিলে গণতন্ত্রের বিজয় হবে: তাহসিনা রুশদীর লুনা

সভায় প্রধান অতিথি থাকবেন শাহ্ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া। সভাপতিত্ব করবেন প্রয়াণবার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে ঈদপরবর্তী এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়া। এরপর হত্যা মামলা দায়ের হলেও বিচারের দীর্ঘসূত্রিতা ও চার্জশিট নিয়ে আপত্তি জানিয়ে আসছে কিবরিয়া পরিবার। তাদের অভিযোগ-মূল হত্যাকারীরা চার্জশিটে আসেনি।

প্রতিনিধি/এসএস