images

সারাদেশ

ফেনীতে ‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে ভাইরাল বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিন (ভিপি জয়নাল) নিজ নির্বাচনী পথসভায় কর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা সমালোচনা দেখা যাচ্ছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্সবাজারে জামে মসজিদের সামনে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন জয়নাল আবদিন। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরাই বিজয়ী হবো। এরপর আপনাদের এলাকার জন্য যা যা করা দরকার, আমাদের নেতা তারেক রহমানকে বলে দিয়েছি। আপনার আম্মা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো দিয়ে গেছেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন, ঠিক আছে, সেগুলো আমরা দেখব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: ফেনীর পরিকল্পিত উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা নিয়ে সুজনের ৩৬ প্রস্তাবনা

শহিদুল ইসলাম বাবু নামে একজন ফেসবুকে মন্তব্যে লেখেন, মরহুমা নেত্রীর নাম মনে রাখতে পারে না, এরা নাকি আবার জনগণের সেবা করবে। মোহাম্মদ নাছির উদ্দিন মিয়াজী লেখেন, এ জন্য এদের কারণে বিএনপি থেকে সরে এসেছি। সাব্বির আহমদ লেখেন, মুরুব্বি তো নিজের রিভিউ নিজেই টেনে আনছে। তানভীর ইসলাম মিলন নামে আরেকজন লেখেন, উনি মুরুব্বি মানুষ। এই বয়সে তাঁর ঘরে বিশ্রাম নেওয়ার কথা। বয়সের এই পর্যায়ে রাজনীতি করলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ৮২ বছর বয়সে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে বাস্তবে কী ভূমিকা রাখবেন? তিনি কি তরুণ প্রজন্মের ম্যান্ডেট ও চাহিদা যথাযথভাবে বুঝতে পারবেন? তাঁর নেতৃত্বে সাধারণ মানুষ আদৌ কতটা উপকৃত হবে?

হাবিবুর রহমান হৃদয় নামে একজন লেখেন, যে নিজের দলের নিজের নেত্রীর নাম মনে রাখতে পারে না, সে নাকি দেশের জনগণের উন্নয়ন করবে। ফেনী-২ রিভিউ তো এমনিই চাওয়া হয়নি। ক্বারী ইব্রাহীম হোসেন লেখেন, হ ভাই, বিএনপির অনেকের মা হয়েছে শেখ হাসিনা, বাস্তব চিত্র এখন এটাই।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, বক্তব্য চলাকালীন সময় আমি অন্যমনস্ক ছিলাম, বিষয়টি পরে শুনেছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, তিনি মুরুব্বি মানুষ, ভুলক্রমে স্লিপ অব টাং হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁর নজরে আনা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে জয়নাল আবদিন (ভিপি জয়নাল)-এর ব্যক্তিগত সহকারী রিপন বলেন, তিনি এখন গণসংযোগে ব্যস্ত, এ বিষয়ে পরে কথা বলবেন।

এর আগে জয়নাল আবদিন (ভিপি জয়নাল) এই আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এআর