Dhaka Mail Logo

সারাদেশ

হিন্দু-মুসলিম ভেদাভেদহীন আধুনিক যশোর গড়তে চান অমিত

জেলা প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তার নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার করেছেন। 

রোববার (২৫ জানুয়ারি) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, নির্বাচিত হলে তার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আদর্শে হিন্দু-মুসলিম ভেদাভেদহীন এক আধুনিক যশোর গড়ে তোলা হবে।

সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে অমিত ভোটারদের আশ্বস্ত করেন যে, সমাজে আর কোনো প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো কারণ নেই; এই মাটিতে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে ধর্মীয় উপাসনালয় ও জানমালের সুরক্ষায় তাঁর দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি সৌহার্দ্যময় সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় বাসিন্দারা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আমলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সুরক্ষার কথা স্মরণ করলে অমিত সেই সোনালি ধারা পুনরায় ফিরিয়ে আনার ঘোষণা দেন। 

তিনি জানান, অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং মন্দির-মসজিদসহ সকল প্রতিষ্ঠানের সুষম উন্নয়নই হবে তার অগ্রাধিকার। দিনব্যাপী এই প্রচারণায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি