images

সারাদেশ

সাতক্ষীরায় মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকায় একটি মাছের ঘের থেকে বস্তাভর্তি ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব-৬। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল বাগবাটি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মো. ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন

ফরিদপুরে ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

র‍্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে বস্তাভর্তি ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস