images

সারাদেশ

ফকিরহাটে চোর চিনে ফেলায় গৃহিণীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে এক বাড়িতে চুরি করতে এসে মোমেনা বেগম (৪২) নামে এক গৃহিণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহিণী মধ্যবাহিরদিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খাঁনের সহধর্মিণী এবং স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের মেজ ভাবি।

ঘটনার রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসেন। তিনি ঘরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওহিদুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

নাটোরে জিয়া পরিষদ কর্মীকে গলা কেটে হত্যা

প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে এসআই ওহিদুল হক জানান, মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও কানের নিচেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে কিল, ঘুসি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। চোরকে চিনে ফেলায় ওই গৃহিণীকে হত্যা করতে পারে বলে জানান।

নিহতের স্বামী বিল্লাল খাঁন জানান, তিনি দোকান থেকে বাড়ি এসে দেখেন তার স্ত্রীকে মৃত অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তার স্ত্রীকে মেরে ঘর থেকে ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস