জেলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
নাটোর জেলা জিয়া পরিষদ সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে রেজাউল করিমের গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনে তারা এগিয়ে আসেন। এসময় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এদিকে বিক্ষুব্ধ স্বজনরা ওহাব আলী নামে একজনের বাড়ি অগ্নিসংযোগ করে। সেখানে পুড়ে ছাবিহা (৭৫) নামের এক বৃদ্ধা মারা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে, রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস