জেলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
চোখ ধাঁধানো আলোকসজ্জায় পুরো মাদারীপুর শহর। সরস্বতী পূজাকে ঘিরে তিনদিনের আয়োজনে শহরের অলিগলি থেকে পাড়ামহল্লা সবখানেই আধুনিক লাইটিং-এ ছেয়ে গেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু লাইটিং দেখতেই ছুটে আসছে দর্শনার্থীরা। এরই মধ্যে পূজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। তবে, নিরাপত্তার স্বার্থে এবার হচ্ছে না র্যালি বা শোভাযাত্রা। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। পাড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই আলো ছড়াচ্ছে এমন দৃশ্য। মনোমুগ্ধকর এই লাইটিং দেখতে এরই মধ্যে ছুটে আসছে শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য শুধু মণ্ডপে নয়, বিভিন্ন স্কুল-কলেজের সনাতনধর্মী শিক্ষার্থীরাও সরস্বতীর পূজা করে থাকেন। প্রতিবছর অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হলেও নিরাপত্তার স্বার্থে তা এবার হচ্ছে না। এদিকে দর্শনার্থীদের জন্য লালনগীতি, জারি গান, কৌতুক-অভিনয়, নৃত্য, জাদু প্রদর্শনীসহ নানান আয়োজনের কথা জানায় পূজা উদ্যাপন পরিষদ। উৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তার কথা বলছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যে ৬৫টি পূজা মণ্ডপে এই উৎসব। শুক্রবারের শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আগামী রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। যা দেখতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী।

মাদারীপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, প্রায় দুইশো’ বছর ধরে অনুষ্ঠানের শেষদিনে র্যালি হয়। যেখানে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে সেই র্যালি হচ্ছে না। তবে, অনুষ্ঠান প্রতিবছরের মতো তিনদিনই হবে। এবার পুরো অনুষ্ঠান মণ্ডপের ভেতরেই হবে। যা দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশও কাজ করবে এই পূজায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক নিরাপত্তা থাকবে।
প্রতিনিধি/এসএস