উপজেলা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ বছর বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির নাম আব্দুল্লাহ।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই বাড়ির নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘ ১৫ বছর ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ওই জায়গা নিয়ে প্রতিপক্ষের সাথে বাগ্বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ দ্বীন ইসলাম শিশু আব্দুল্লাহকে সজোরে আছাড় মারেন। এ ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত দ্বীন ইসলাম আত্মগোপন করেন। তবে প্রতিপক্ষের দাবি, ঝগড়ার সময় শিশুটির দাদা নিজ নাতিকে চিনতে না পেরে আছাড় দিলে তার মৃত্যু হয়।
নিহত শিশুর দাদা মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আমি কেন আমার নাতিকে মারব? আব্দুল্লাহ আমার একমাত্র নাতি। দ্বীন ইসলামরা প্রথমে আমার স্ত্রীকে মারধর করে। সে সময় আমার নাতি দাদির কাছে যাওয়ার চেষ্টা করলে দ্বীন ইসলাম তাকে আছাড় দিয়ে মেরে ফেলে।’
নিহত শিশুর দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, ‘দ্বীন ইসলামের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ। বুধবার ঝগড়ার সময় দ্বীন ইসলাম আব্দুল্লাহর মা রূপা আক্তারকে মারধর করে। জীবন বাঁচাতে রূপা ঘরে ঢুকে পড়লে সামনে থাকা আব্দুল্লাহকে তুলে আছাড় দেয় দ্বীন ইসলাম। দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
অন্যদিকে, পুলিশের হাতে আটক মাহফুজের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ‘দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগার পর হঠাৎ আব্দুল্লাহর দাদি চিৎকার করে বলতে থাকেন তার নাতিকে মেরে ফেলা হয়েছে। পরে পুলিশ এসে আমার স্বামী মাহফুজ, শাশুড়ি রহিমা বেগম ও প্রতিবেশী বাদশাকে নিয়ে যায়। আমরা ঘটনার সময় সেখানে ছিলাম না।’
নিহত শিশুর চাচা নুর সাফা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রায়ই উসকানিমূলক কথা থেকে ঝগড়া হতো। আজ সকালেও হাতাহাতির একপর্যায়ে আব্দুল্লাহ তার দাদির কাছে যাওয়ার সময় দ্বীন ইসলাম তাকে আছাড় দেয় এবং লাঠি দিয়ে আঘাত করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে শিশু মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি