জেলা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানের সময় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটন তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আমাদের গোয়েন্দা তৎপরতায় যখন জানতে পাই, আবু সাঈদ হত্যা মামলার আসামি বাড়িতে অবস্থান করছেন, তখন আমরা দ্রুত সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি লিটন পালিয়ে যায়। পলাতক আসামি নাহিদ হাসান লিটনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি