images

সারাদেশ

সম্প্রীতির বাংলাদেশ গড়তে গণভোটে অংশ নিতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জেলা প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আগামীর বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে দেখতে চাই। যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ, থাকবে না বৈষম্য। নতুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ দেবে গণভোট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত গড়ে দিতে ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন যাতে তারা নিরপেক্ষভাবে গণভোট প্রদান করেন।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যে দেশে কেউ ইন্টারনেট বন্ধ করে দেবে না। আমাদের নতুন প্রজন্ম পড়াশুনায় অগ্রাধিকার পাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

আরও পড়ুন

গণভোটের মাধ্যমে জনগণের মতামতই হবে মূল শক্তি: উপদেষ্টা আলী ইমাম

সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা গণভোট-২০২৬ সফল করতে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

প্রতিনিধি/এসএস