Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা ও রেলস্টেশনে আলাদা আলাদা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য জানান।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় যৌথ টাস্কফোর্স কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে মালিকবিহীন অবস্থায় ২৩ লাখ ৮০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার আতশবাজি, ফুচকা সামগ্রী, বাসমতী চাল ও বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ করা হয়।

এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিমাতলী থেকে একজন আসামিসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে সীমান্তের বিভিন্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৪ লাখ ৬২ হাজার ৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা। উদ্ধার করা মালামাল বিধি মোতাবেক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি