Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৮ জেলে আটক

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

কক্সবাজার সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে প্রায় ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে সেটি জব্দ করা হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

অভিযান শেষে কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। এ সময় বোটের মালিকপক্ষের কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ করে বোটসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একেবি