জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
মাদারীপুরে চার মাসের মেয়ে সন্তানসহ নাদিরা বেগম নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
নিখোঁজ হওয়া নাদিরা কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।
জানা গেছে, চার মাসের মেয়ে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন প্রবাসীর স্ত্রী নাদিরা। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত পহেলা ডিসেম্বর দায়ের করা জিডি নম্বর-৩৭।
আরও পড়ুন
মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা সোমবার সকাল ৯টার সময় বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।
প্রতিনিধি/টিবি