জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ এএম
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যাবেদ আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নীলফামারীর সদরের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে কাজিরহাটে নামাজের বিরতির সময় যাবেদ আলী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ইপিজেড কর্মীর মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তারা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহত যাবেদ আলী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার নছিয়া আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে তবে পথিমধ্যে তিনি মারা যান।
প্রতিনিধি/এজে